বগুড়া কারাগারে যুবলীগের সাবেক নেতার মৃত্যু
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
বগুড়া জেলা কারাগারে আটক থাকা ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেনের (৪৪) মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সোহরাব হোসেন ধুনট পৌরসভার সদরপাড়া গ্রামের মৃত রহম আলী হাজীর ছেলে। বিস্ফোরকসহ একাধিক মামলায় গত তিন থেকে চার মাস ধরে তিনি কারাগারে আটক ছিলেন।
বগুড়া জেলা কারাগারের জেল সুপার আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সোহরাব হোসেন হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোহরাব হোসেনের বড় ভাই শহিদুল ইসলাম জানান, কারা কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পরে বাদ আসর ধুনটের চর ধুনট এলাকার জান্নাতুল ফেরদৌস কবরস্থানে সোহরাব হোসেনের দাফন সম্পন্ন হয়।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন